দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছরের প্রথম দিকেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। দলীয় পরিচয়ের ভিত্তিতে কেউ অতিরিক্ত সুবিধা পাবে না; জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই জনপ্রতিনিধিদের নির্বাচিত হতে হবে।
বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজনে ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, প্রকৃত গণতন্ত্রের ভিত্তি হলো স্থানীয় সরকার। স্থানীয় সরকার শক্তিশালী না হলে রাষ্ট্র কিংবা গণতন্ত্র কোনোটিই শক্তিশালী হতে পারে না। উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও স্থানীয় সরকারকে প্রশাসন, স্বাস্থ্যসেবা, স্থানীয় বিচারব্যবস্থা ও জনসেবার কার্যকর অংশে পরিণত করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে। এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় সরকারকে আরও কার্যকর ও ক্ষমতায়িত করতে হবে।
নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণের বিষয়ে তিনি বলেন, অতীতে নানা অজুহাতে জনপ্রতিনিধিদের বরখাস্ত করা হয়েছে। কোনো জনপ্রতিনিধিকে প্রমাণ ছাড়া অপসারণ করা উচিত নয়। আইন ভঙ্গ বা অপরাধ প্রমাণিত হলে তবেই ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ বিষয়ে আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের যথাযথ ক্ষমতায়ন ছাড়া স্থানীয় সরকার শক্তিশালী হবে না। শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালনা করলে জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। উন্নয়ন কার্যক্রমে জনপ্রতিনিধিদের কার্যকর সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলী, বাংলাদেশ ইউনিয়ন মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আনোয়ার হোসেনসহ দেশের বিভিন্ন এলাকার চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএম/